জাতীয়

৫ আগস্ট বিপ্লব নয়, হয়েছিল মহাগণঅভ্যুত্থান: ড. মাহবুব উল্লাহ

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে বিপ্লব নয়, মহাগণঅভ্যুত্থান হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ।

যুগান্তর কার্যালয়ে সোমবার (১০ আগস্ট) দুপুরে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে সভায় সঞ্চালক হিসেবে ছিলেন পত্রিকাটির বিশেষ প্রতিবেদন কাজী জেবেল।

ড. মাহবুব উল্লাহ বলেন, ‘বিপ্লব’ হলে একটি সমাজের সামগ্রিক কাঠামো পাল্টে যায় এবং নতুন করে সমাজ বিনির্মাণ করা হয়। চীন, রাশিয়া ও কিউবার মতো দেশে বিপ্লব হয়েছে। তবে বাংলাদেশে বিভিন্ন সময়ে বড় রাজনৈতিক পরিবর্তন ও গণঅভ্যুত্থান ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৪৭, ১৯৫২, ১৯৬২, ১৯৬৯, ১৯৭৫, ১৯৯০, ১৯৯১ ও ২০২৪ সালে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ও গণঅভ্যুত্থান ঘটেছে। এ ছাড়া ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের কথাও স্মরণ করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র ও উন্নয়ননীতির প্রসঙ্গ টেনে জাতীয় এই অধ্যাপক বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চীনকে ঠেকানো। এই পরিস্থিতিতে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশ-মিয়ানমার সড়ক যোগাযোগ, মোংলা বন্দর ও চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে।

তিনি বলেন, এসব বিষয় আগে জোরেশোরে আলোচিত হলেও এখন সেগুলোর আলোচনা কমে এসেছে। এর কারণ হিসেবে তিনি ধারণা করেন, যুক্তরাষ্ট্র ও ভারত সম্ভবত এসব উদ্যোগের বিষয়ে আগ্রহী নয়।

ড. মাহবুব উল্লাহ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সার্বভৌমত্ব। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, ‘২৪-এর চেতনা’ বা স্পিরিটও ঐক্যের দাবি জানায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে সমাজ বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তি কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অর্থনীতিবিদ ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক ড. মাহফুজ পারভেজ, সাংবাদিক ও সাবেক সামরিক কর্মকর্তা আবু রুশদ।

এ ছাড়া যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, বার্তা সম্পাদক জোহায়ের ইবনে কলিম, নগর সম্পাদক মিজান মালিক প্রমুখ এতে উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত কয়েকজন আলোচক জুলাই গণঅভ্যুত্থান, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, সার্বভৌমত্ব, অর্থনীতি ও ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্য দেন।

এই বিভাগের আরও সংবাদ