পটুয়াখালী

অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে এমপির গাড়িবহর ঘিরে জেলেদের বিক্ষোভ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদতাদা: পটুয়াখালীর মহিপুরে বঙ্গোপসাগরে অবৈধ ও আর্টিসেনাল ট্রলিং বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

এ সময় বিক্ষোভকারীদের দাবি-দাওয়া শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

শনিবার (৮ আগস্ট) রাতে মহিপুরের খাপড়াভাঙ্গা সেতু এলাকায় সংসদ সদস্যের গাড়িবহর পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, কুয়াকাটায় আয়োজিত ‘শহীদ আব্দুল করিম মুসুল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা শেষে কলাপাড়ায় ফেরার পথে খাপড়াভাঙ্গা সেতু এলাকায় সংসদ সদস্যের গাড়িবহর পৌঁছালে বিক্ষোভকারীরা সামনে দাঁড়িয়ে তাদের দাবি তুলে ধরেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন বিক্ষোভকারী সড়কে শুয়ে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোটে অতিক্ষুদ্র ফাঁসের জাল ব্যবহারের পাশাপাশি ফিশ ফাইন্ডার, জিপিএস ও রাডারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এর ফলে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ মাছের পোনা ও ডিমওয়ালা মাছ ধ্বংস হচ্ছে। এতে সামুদ্রিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ার পাশাপাশি হাজারো জেলের জীবিকা সংকটে পড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি মনোযোগ সহকারে শোনেন।

তিনি বলেন, “আমি আপনাদের দাবি-দাওয়া শুনেছি। স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে জেলেদের কল্যাণ ও স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমপির কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সংসদ সদস্য মহিপুর থানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ