ফুটবল

দুঃসময়ে আর্জেন্টিনাকে পাশে পেলেন ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব নিয়ে চাপে আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্ষমা চাইলেও উয়েফাসহ একাধিক কনফেডারেশন তার বিপক্ষে রুখে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে মেক্সিকো ও আর্জেন্টিনার ফুটবল সংস্থা।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ) নিজেদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছে। কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে পুনর্মূল্যায়নের ডাক দিয়েছিল।

এফএমএফ বিবৃতিতে বলে, ‘প্রতিষ্ঠানিক কাঠামোর বাইরে আহূত কোনো প্রক্রিয়া এফএমএফ স্বীকৃতি দেবে না। ২১১টি সদস্য সংস্থার স্বার্থে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বানে আমরা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে একমত।’

আর্জেন্টিনার ফুটবল সংস্থা (এএফএ) এক চিঠিতে ফিফার গত ১০ বছরের কাজের প্রশংসা করেছে। তারা বলে, ভুল হলেও ইনফান্তিনোর নেতৃত্বেই এগিয়ে যাওয়া উচিত।

তবে উয়েফা এখনও ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে অনড়। এশিয়ার ফুটবল সংস্থাও উয়েফা ও কনকাকাফের পাশে আছে।

বৃহস্পতিবার উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ৫৫টি সদস্য সংস্থা ফিফার সব টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছে। বিবৃতিতে আবারও উয়েফা স্পষ্টভাবে জানিয়েছে যে, ইনফান্তিনোর ওপর তারা আস্থা হারিয়েছে। এই অবস্থান অপরিবর্তিত থাকবে। ফিফার কোনো টুর্নামেন্ট বর্জনে উয়েফা শেষ পর্যন্ত অটল থাকবে কিনা, তার প্রথম পরীক্ষা হবে আগামী ৫ সেপ্টেম্বর, যেদিন পোল্যান্ডে শুরু হবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ।

এদিকে খেলোয়াড় সংগঠন ফিফপ্রো বলেছে, ইনফান্তিনোর প্রস্তাব সভাপতির ক্ষমতার ‘গুরুতর অপব্যবহার’।

এই বিভাগের আরও সংবাদ