নান্দাইল কর্দমাক্ত কাঁচা রাস্তায় হাজার মানুষের দুর্ভোগ : প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নে দুই কিলোমিটার কাঁচা রাস্তা ইউনিয়ন বাসীর জন্য চরম দূর্ভোগে পরিনত হয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ ও যানবাহনের চলাফেরা। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেনো মরণফাঁদে পরিণত হয়। ব
ছরের পর বছর এই দুর্ভোগ চললেও রাস্তাটির উন্নয়নে কেউ এগিয়ে আসেনি। যুগ যুগ ধরে অবহেলিত মানুষের দুর্ভোগ লাঘবে এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এই রাস্তাটির সংস্কার ও পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসেরর খান চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংরইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাজার বাজার হয়ে ছাত্রনেতা আলমগীর হোসেনের বাড়ির সামনে দিয়ে হোসেনপুর থানা ও পানান আদর্শ দাখিল মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই আশপাশের গ্রামের মানুষকে হাঁটু সমান কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। রাস্তার মাঝেমধ্যে বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় কোন ধরনের যাববাহনই চলালচল করতে পারছে না।
স্থানীয় ছাত্রনেতা প্রবাসী আলমগীর হোসেন বলেন, “ আমরা এই অভিশপ্ত রাস্তা থেকে মুক্তি চাই। বর্তমান সরকারের উন্নয়ন জোয়ারে আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের এই কষ্টের কথা চিন্তা করে আমরা স্থানীয় এমপি ও তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শামীম মিয়া বলেন, “রাস্তাটির বেহাল দশা সম্পর্কে আমরা অবগত। এটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে এবং ইতিপূর্বে আইডিভুক্ত করা হয়েছে।”
সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, “রাস্তাটিতে ইতিপূর্বে মাটি কাটা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে মাটি ধুয়ে আবার আগের অবস্থায় ফিরে গেছে। স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী যদি বিষয়টি গুরুত্বের সাথে তথ্য প্রতিমন্ত্রী মহোদয়কে অবগত করেন, তবে দ্রুত বরাদ্দ পাওয়ার মাধ্যমে ইটের সলিং বা পাকাকরণ সম্ভব হবে।”



