শেরপুর

শেরপুরে ৪ আগস্টের শহীদদের কবর জিয়ারতে ছাত্রশিবির

আরফান আলী, শেরপুর: ৪ আগস্টের শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আন্তরিকতা প্রকাশ করেন। এ সময় তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত বলেন, “অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মকে ন্যায়, সত্য ও ইনসাফের পথে চলতে অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ