ঈশ্বরগঞ্জে বৃষ্টির মধ্যেই ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংশ্লিষ্ট বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১২টার দিকে টানা বৃষ্টির মধ্যেই ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মানিক হাসান। তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘জুলাই সনদ’ দ্রুত কার্যকর করতে হবে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



