শেরপুরে ভটভটি উল্টে প্রাণ গেল মোটরসাইকেল চালকের


আরফান আলী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে গুরুতর আহত হওয়ার পর রাসেল মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে পৌরশহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া উপজেলার গোজাকুড়া ইউনিয়নের নলকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৮টার দিকে রাসেল ফুলপুরের আমুয়াকান্দা গরুর হাট থেকে ব্যবসায়িক কাজ শেষে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। পথে নালিতাবাড়ী শহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে রাসেল গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর ইবনে কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।



