বাগেরহাট

বাগেরহাটে ডিবির অভিযানে ১১ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাটে গরু চুরির একটি মামলার তদন্তে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে খুলনার তেরখাদা উপজেলা থেকে চোরাইকৃত ১১টি ছোট-বড় গরু, গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ফকিরহাট থানার গরু চুরির মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে প্রথমে ফকিরহাটের শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে একটি পিকআপ জব্দ করা হয়। পরে খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মো. আরিফ মোল্লার গোয়ালঘর থেকে ১১টি চোরাইকৃত গরু উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফকিরহাটের ইমরান শেখ, রামপালের নাহিদ শেখ এবং তেরখাদার মো. আরিফ মোল্লা। পুলিশ জানিয়েছে, তিনজনের বিরুদ্ধেই বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ