এক প্ল্যাটফর্মে শেরপুরের সব তথ্য-সেবা, আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘প্রিয় শেরপুর ডটকম’-এর


আরফান আলী, শেরপুর: শেরপুরের নাগরিকদের জন্য নির্ভরযোগ্য তথ্য ও বিভিন্ন সেবাকে এক জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’। ‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্ল্যাটফর্মটির উদ্বোধন ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
এখন টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জুবায়ের দিপ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নাঈম ইসলাম, কালের কণ্ঠের শামিম আহমেদ এবং সাংবাদিক সুলতান আহমেদ ময়না।
এছাড়া বক্তব্য দেন রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, প্রষ্ফুটিত শেরপুরের চিফ অ্যাডমিন দেবাশীষ সরকার, ভয়েজ অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির, আজকের তারুণ্যের অ্যাডমিন রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইনের অ্যাডমিন আহনাফ নাকিব, জনপ্রিয় শেরপুরের অ্যাডমিন জাহিদ, রূপসী শেরপুরের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান)-এর যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান তালুকদার এবং প্রিয় টেক বাংলাদেশের টিম সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় শেরপুর ডটকম’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। পরে কেক কেটে প্ল্যাটফর্মটির যাত্রার শুভসূচনা করা হয়।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে স্থানীয় পর্যায়ের নির্ভরযোগ্য তথ্য, নাগরিক সেবা ও জরুরি যোগাযোগ এক প্ল্যাটফর্মে এনে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘প্রিয় শেরপুর ডটকম’। একই সঙ্গে তথ্যের নির্ভুলতা ও নিয়মিত হালনাগাদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথি কাকন রেজা বলেন, “স্থানীয় পর্যায়ের তথ্যকে প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সময়ের দাবি। ‘প্রিয় শেরপুর’ জেলার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, “শেরপুরের মানুষ যাতে এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই ‘প্রিয় শেরপুর ডটকম’-এর যাত্রা। এটি শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপ নয়, বরং স্মার্ট শেরপুর গড়ার একটি ডিজিটাল উদ্যোগ।”
অনুষ্ঠানে জানানো হয়, আইটি প্রতিষ্ঠান প্রিয় টেক বাংলাদেশ-এর দ্বিতীয় প্রোডাক্ট ‘প্রিয় শেরপুর ডটকম’-এ পর্যায়ক্রমে জেলার হাসপাতাল, চিকিৎসক, রক্তদাতা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, জরুরি সেবা, বাস-ট্রেনের সময়সূচি এবং গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ বিভিন্ন নাগরিকসেবার তথ্য যুক্ত করা হবে।
অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষক, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



