বাগেরহাটের আইনজীবী শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ জুলাই দিবাগত রাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাট পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত।
এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সোমবার (২৭ জুলাই) রাত ৩টার দিকে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে শেখ মুরাদ, আবু তাহের দীপ, মো. হাফিজুর রহমান ও মো. শিপন শেখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শেখ মুরাদের কাছ থেকে একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।



