সুন্দরবনে মিললো আবারো বাঘের দেখা


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের ফুট ট্রেইল এলাকায় একটি বাঘিনীর দেখা মিলেছে। বনকর্মীদের চোখের সামনেই কিছুক্ষণ ঘোরাফেরা করে বাঘিনীটি। এ সময় বনকর্মীরা মোবাইল ফোনে বাঘটির এ দৃশ্য মোবাইলফোনে ধারণ করেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সুন্দরবনের আন্ধারমানিক ইকো ট্যুরিজম ফুট ট্রেইল এলাকায় বাঘিনীটি খোলা জায়গায় এসে কিছুক্ষণ অবস্থান করে। চারপাশ সতর্কভাবে পর্যবেক্ষণ করার পর সেটি আবার বনের গভীরে চলে যায়।
বন বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, গেলো ১৩ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনী নয়; বরং সুন্দরবনেরই অন্য একটি বাঘিনী। বিষয়টি নিশ্চিত হতে বন কর্মকর্তারা নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।এবিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, নির্জন সুন্দরবনে বাঘের সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। আন্ধারমানিক ইকো ট্যুরিজম ফুট ট্রেইল এলাকায় বন বিভাগের কার্যালয় চত্বরে বাঘিনীর উপস্থিতি তারই একটি ইতিবাচক প্রমাণ। নিয়মিত বনে টহলের সময় বনকর্মীরা আগের তুলনায় বেশি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন। রয়েল বেঙ্গল টাইগারসহ সুন্দরবনের অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে নিয়মিত টহল, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে নজরদারি এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান।



