বাগেরহাট

সুপেয় পানি সংরক্ষণে ৩ হাজার দরিদ্র মানুষের মাঝে ট্যাংক বিতরণ

সুমন,স্টাফ রিপোর্টার: উপকূলীয় তীব্র লবণাক্ত এলাকার মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপকূলীয় এলাকায় রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে রেইন ওয়াটার হার্ভেস্টিং’র মাধ্যমে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে এ ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট মোংলা-রামপালের দরিদ্র মানুষের মাঝে ৩ হাজার পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার ৮২টি ট্যাংক বিতরণ করা হয়। এখানে লবণ পানিতে সয়লাব, মিষ্টি পানির উৎস নেই। তাই বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এই ট্যাংক দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপকূলের প্রত্যেক ঘরে ট্যাংক পৌঁছে দেয়া হবে। সুপয়ে পানির চাহিদা পূরণে এখানকার সরকারী পুকুর গুলো সংস্কার করা হবে। এ পুকুর গুলো থেকে পানির চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হবে। এ পুকুরগুলোতে কেউ মাছ চাষ করতে পারবেনা।

এ সময়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজীব আল রশিদ, উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ