বন্যার্থদের পাশে দাড়ালেন ইবির চট্টগ্রাম জেলা কল্যাণ সমিতির শিক্ষার্থীরা


ইবি প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ উপহার বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি।’
সোমবার (২০ জুলাই) সাতকানিয়া এবং বাঁশখালীতে সংগঠনটির পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটি জানিয়েছে, ঢালাওভাবে ত্রাণ বিতরণ না করে সরাসরি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন তারা। বন্যায় ঘরবাড়ি হারিয়ে চরম সংকটে পড়া প্রায় ৫০টি পরিবারের মাঝে ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ ৩৫০০ টাকা থেকে সর্বনিম্ন ১০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।
সার্বিক পরিস্থিতি ও মানবিক সহায়তার বিষয়ে সংগঠনটির সভাপতি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, বিভিন্ন অনুষদ এবং বিভাগ থেকে সংগ্রহ করা ছোট ছোট অনুদান দিয়েই আমাদের এই ফান্ডটি গঠন করা হয়েছে। ঢালাওভাবে ত্রাণ না দিয়ে যারা বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন, তাদের হাতে সরাসরি কিছু নগদ অর্থ তুলে দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। যদিও তাদের বিশাল ক্ষয়ক্ষতির তুলনায় আমাদের এই উপহার একেবারেই সামান্য, তবুও আমরা চেষ্টা করেছি পাশে দাঁড়াতে। আমাদের এই মহৎ ও সহযোগিতামূলক কার্যক্রম আগামীতেও চালু থাকবে।
তিনি আরও বলেন, সরজমিনে বর্তমান পরিস্থিতি দেখেছি। টানা বন্যায় সাতকানিয়া ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। অসংখ্য কাঁচা ও মাটির ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। শুধু মাটির বাড়িই নয়, তীব্র পানির স্রোতে বড় বড় পাকা দালানও দুমড়ে-মুচড়ে গেছে। এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল, বিশেষ করে নদী তীরবর্তী সড়কগুলো ভেঙে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।



