শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কুবিতে ৭ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং


কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র ব্যবস্থাপনায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং একাডেমিক মানোন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর টিচার্স’ শীর্ষক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থী-কেন্দ্রিক, সৃজনশীল ও সমস্যা সমাধানভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব দিতে হবে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে আজীবন শিক্ষার্থী হিসেবে নিজেকে নিয়মিত হালনাগাদ রাখতে হবে এবং একাডেমিক মূল্যায়নে সর্বোচ্চ নিরপেক্ষতা, পেশাগত সততা ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ”বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, চতুর্থ শিল্পবিপ্লব ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের গবেষণামুখী, প্রযুক্তি-সচেতন, নৈতিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক হতে হবে। একজন শিক্ষক শুধু পাঠদান করেন না বরং ন্যায়পরায়ণতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ হিসেবে গড়ে তোলেন। এ ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা, নৈতিক নেতৃত্ব ও আধুনিক শিক্ষণ পদ্ধতিতে সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।”
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক অঙ্গীকার, দক্ষ শিক্ষক এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত উৎকর্ষ অর্জনে ফাউন্ডেশন ট্রেনিং একটি সময়োপযোগী উদ্যোগ যা আধুনিক ও মানসম্মত শিক্ষাদান, গবেষণা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকরা আরও দক্ষ, দায়িত্বশীল ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সক্ষম হবেন বলে আমি মনে করি।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ট্রান্সফরমেশন, উদ্ভাবন ও আন্তঃবিষয়ক গবেষণার যুগ। এ বাস্তবতায় শিক্ষকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বগুণ ও আধুনিক শিক্ষণ পদ্ধতিতে নিজেদের আরও সমৃদ্ধ করতে হবে। একজন শিক্ষক কেবল জ্ঞানদানকারী নন, তিনি শিক্ষার্থীদের আদর্শ ও অনুপ্রেরণার উৎস। তাই নিরপেক্ষ মূল্যায়ন, সময়ানুবর্তিতা, পেশাদারিত্ব এবং শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের মূল ভিত্তি হলো প্রাতিষ্ঠানিক অঙ্গীকার, দক্ষ শিক্ষক এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা। তাই শিক্ষকদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, মানসম্মত পাঠদান, নির্ভুল মূল্যায়ন এবং কোর্স প্রোফাইল ও কোর্স ফাইল নিয়মিত হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণের প্রতিটি সেশন নবনিযুক্ত শিক্ষকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। তন্মধ্যে ২৬ জন প্রভাষক, ৩ জন সহকারী অধ্যাপক এবং ১ জন সহযোগী অধ্যাপক রয়েছেন।



