ফুটবল

ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা ও স্পেন, জানিয়েছে ফিফা

বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনা-স্পেনের জার্সি। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন দুদলই নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সি পরে মাঠে নামবে। ফিফা নিশ্চিত করেছে, আর্জেন্টিনা খেলবে তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরা কাটা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজায়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন সবুজ কিটে।

স্পেন মাঠে নামবে তাদের ক্লাসিক লাল জার্সি, নেভি ব্লু শর্টস ও নীল মোজায়। গোলরক্ষক উনাই সিমন পরবেন হালকা নীল রঙের কিট।

বিশ্বকাপ ইতিহাস বলছে, নিজেদের ঐতিহ্যবাহী জার্সিতে সবচেয়ে বেশি সফল আর্জেন্টিনা। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২— তাদের তিনটি শিরোপাই এসেছে এই জার্সি পরে।

সাধারণত বড় ম্যাচে দুই দলের জার্সির রঙ কাছাকাছি হলে একটি দলকে অ্যাওয়ে জার্সি ব্যবহার করতে হয়। তবে এই ম্যাচে আর্জেন্টিনার আকাশি-সাদা ও স্পেনের লাল রঙের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকায় এমন কোনো সমস্যা হয়নি। ফলে দুদল তাদের মূল পরিচয়ের জার্সি পরে খেলতে পারছে।

আগামী ১৯ জুলাই রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইতিহাসে চতুর্থ শিরোপা ঘরে তুলবে। অন্যদিকে, স্পেন জিতলে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হবে।

বিশ্বকাপের মঞ্চে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল স্পেন-আর্জেন্টিনা। ১৯৬৬ সালের বিশ্বকাপে দেখা হয় আর্জেন্টিনা ও স্পেনের। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন হোসে পির্রি।

এই বিভাগের আরও সংবাদ