জুলাই শহিদদের স্মরণে কুবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া ও মাহফিল


কুবি প্রতিনিধি: ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে শহিদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. খলিলুর রহমান। দোয়া মাহফিলে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সংগঠক এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, ‘আমাদের এই দোয়া ও মাহফিলের মূল উদ্দেশ্য হলো জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা এবং জুলাই শহিদের যে আদর্শ ও ত্যাগ তার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ, বৈষম্যহীন, সামাজিক মর্যাদার এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’



