স্পেনের কাছে হারের পর কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন এমবাপ্পে


বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের পর ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে দলের কোচ দিদিয়ে দেশঁর কৌশল ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন। যেখানে এই পরাজয়ের ফলে টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল ফ্রান্সের। স্পেনের বিপক্ষে ম্যাচে গোল করতে পারেননি এমবাপ্পে। তবে পুরো আসরে আটটি গোল করে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।
ম্যাচজুড়ে স্পেনের মধ্যমাঠের নেতা রদ্রি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন টানা তৃতীয়বারের মতো ফ্রান্সকে হারিয়ে দেয়। উত্তর আমেরিকায় নিজেদের প্রথম ছয় ম্যাচে দাপট দেখানো দেশঁর দলকে এবার ছাপিয়ে যায় স্পেন।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘আমরা মধ্যমাঠে তিনজনের বিপক্ষে দুইজন ছিলাম, আর স্পেনের মতো দলের বিপক্ষে এটি খুব কঠিন। ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেক সময় নিয়ে খেলার সুযোগ পেয়েছে। চাপ প্রয়োগের সময় আমাদের মধ্যে যোগাযোগের ঘাটতি ছিল। আমার মনে হয়, আমাদের খেলোয়াড় ধরে ধরে চাপ তৈরি করা উচিত ছিল এবং তাদেরও আমাদের সঙ্গে দৌড়াতে বাধ্য করা দরকার ছিল।’
চার বছর আগে কাতার বিশ্বকাপেও এমবাপ্পে আটটি গোল করেছিলেন। সেবার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স।
তবে মঙ্গলবারের ম্যাচে ফ্রান্সের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আক্রমণ, রক্ষণ ও কৌশল— কোনো ক্ষেত্রেই নিজেদের সেরাটা দিতে পারেনি তারা। স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। বিশেষ করে লুকাস দিনিয়ের ফাউলে লামিন ইয়ামাল পেনাল্টি আদায় করার পর মিকেল ওইয়ারসাবাল গোল করে স্পেনকে এগিয়ে দিলে ম্যাচের চিত্র আরও পরিষ্কার হয়ে যায়।
এমবাপ্পে বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। কারিগরি ও কৌশলগত দুই দিক থেকেই ব্যর্থ হয়েছি। বিশ্বকাপের সেমিফাইনালে নিজের করণীয় ঠিকভাবে করতে না পারলে জয় পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘স্পেন তাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা বলের নিয়ন্ত্রণ ও খেলার গতি নিজেদের মতো করে পরিচালনা করতে পছন্দ করে। আমাদের পরিকল্পনা ছিল তাদের ওপর শুরু থেকেই চাপ তৈরি করা, যাতে তারা নিজেদের ছন্দে খেলতে না পারে।’
‘কারণ একটি ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তারা আমাদের চেয়ে ভালো। আমরা সেই কাজটি করতে পারিনি। কারিগরি দিক থেকে আমরা অনেক ভুল করেছি। সুযোগ থাকা সত্ত্বেও তাদের সমস্যায় ফেলতে পারিনি।’
তবে এমবাপ্পে জানান, বল ফিরে পাওয়ার পরও দলের খেলোয়াড়দের ভুল ছিল।
তিনি বলেন, ‘আমরা যখন বল ফিরে পেয়েছি, তখনও প্রথম স্পর্শ ভালো ছিল না। আর এর ফলই হলো পরাজয়। এটি বড় হতাশার। তবে বাস্তবতা হলো, ফাইনালে যাওয়ার জন্য যে সব উপাদান দরকার ছিল, আমরা সেগুলো দেখাতে পারিনি।’
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলাতে দেশঁ একাধিক পরিবর্তন আনেন। বিরতিতে আদ্রিয়েন রাবিওকে তুলে নেন এবং পরে দেজিরে দোয়ে ও রায়ান শেরকিকে মাঠে নামান। কিন্তু কোনো পরিবর্তনই ম্যাচের ফল বদলাতে পারেনি।
ম্যাচ শেষে রায়ান শেরকি বলেন, ‘কী বলব বুঝতে পারছি না। খেলার প্রতিটি বিভাগেই তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমার মনে হয়েছে, জয়ের ক্ষুধাতেও তারা এগিয়ে ছিল।’
তিনি আরও বলেন, ‘এটি খুব কষ্টের, কারণ আমি এখনও বিশ্বাস করি আমরা তাদের চেয়ে ভালো দল। কিন্তু আজ স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। খারাপ দিন হলেও আমাদের কারিগরি, কৌশলগত এবং মানসিক দিক থেকে আরও ভালো হওয়া উচিত ছিল।’
শেরকি বলেন, ‘আজ ফ্রান্সের অনেক কিছুই অনুপস্থিত ছিল। সত্যিই সবকিছুরই ঘাটতি ছিল। চার বছর পর আমরা আবার ফিরব এবং একই ভুল আর করব না।’
ম্যাচের শেষ দিকে হতাশা প্রকাশ পায় এমবাপ্পের মধ্যেও। ৮৬তম মিনিটে স্পেনের গোলরক্ষক উনাই সিমন বল নিতে নিচু হলে এমবাপ্পে দ্রুত তার দিকে এগিয়ে যান। দুইজনের সংঘর্ষে সিমন মাঠে পড়ে যান এবং এমবাপ্পে হলুদ কার্ড পান।
এমবাপ্পে বলেন, ‘অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার নিতে হবে এবং এতে আমার কোনো সমস্যা নেই। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা যেতে পারিনি।’
ফ্রান্স এখন শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের পরাজিত দল।



