মুন্সীগঞ্জে ডাকাত চক্রের সদস্যসহ লুট হওয়া তেল ও কাভার্ডভ্যান উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অধিকাংশ লুণ্ঠিত মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকা থেকে ৬৬৫ কার্টনে মোট ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল বোঝাই একটি কাভার্ডভ্যান যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। তেলের বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
রাত সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজ সংলগ্ন ঢাকা-মাওয়া সার্ভিস রোডে পৌঁছালে একটি JAC পিকআপে থাকা ৭ থেকে ৮ সদস্যের সংঘবদ্ধ ডাকাতদল কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক আকিব হাসান জয় ও হেলপার নাহিদ হাসানকে জিম্মি করে নিজেদের পিকআপে তুলে নেয়। তাদের হাত, চোখ ও মুখ বেঁধে কেয়টখালী এলাকায় ফেলে রেখে তেলবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগী মো. আফছার উদ্দিন শ্রীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের সদস্য আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুট হওয়া কাভার্ডভ্যান এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, লুণ্ঠিত তেলের বড় একটি অংশ বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারের একটি ভাড়া নেওয়া গোডাউনে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। একই অভিযানে স্থানীয় তথ্যের ভিত্তিতে ওই ঘটনার সঙ্গে জড়িত ইমরান হোসেন নামে এক ব্যক্তির বাড়ির নিচতলার গোডাউন থেকে আরও ৫৮ কার্টন ও অতিরিক্ত ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সব মিলিয়ে ৬৫২ কার্টনে মোট ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া লুট হওয়া একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
গ্রেফতার আব্দুল গনি মিয়ার বাড়ি রাঙ্গামাটির লংগদু উপজেলায় মুর্শিদাবাদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করতেন। অপর আসামি অভি রহমান ঢাকার কদমতলী এলাকার রাজন বেপারীর ছেলে ও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আন্তঃজেলা ডাকাতচক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট আইনি কার্যক্রম সম্পন্ন করতে অভিযান অব্যাহত রয়েছে।



