ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ পৃথিবী গড়ার আহ্বান


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১২ টায় ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পৌর এলাকার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের প্রতিটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দেশের মতো আমরাও ঈশ্বরগঞ্জকে সবুজ ও বাসযোগ্য করে তুলতে বদ্ধপরিকর।”
বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। একটি গাছ রোপণ মানে একটি প্রাণ বাঁচানো। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনায় ও অব্যবহৃত জমিতে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া বলেন, পরিবেশ রক্ষায় এই সচেতনতা যেন সাময়িক না হয়। রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়।



