কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮৩ কোটি ২৯ লাখ টাকার বাজেট পাশ


কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কু্বি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন হয়েছে। ইউজিসি থেকে আসবে ৭১ কোটি ৬২ লক্ষ ১৫ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা, প্রারম্ভিক জের হিসেবে আসবে ২ কোটি ১ লক্ষ ৮২ হাজার টাকা এবং পাশকৃত বাজেটে ঘাটতি রয়েছে ৯০ লক্ষ ৯৮ হাজার টাকা।
২৯ জুন (সোমবার) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ১১০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থাপন করেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৮৬ কোটি ৪২ লক্ষ ৭৮ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট চাহিদা ১০৬ কোটি চার হাজার টাকা হলেও নতুন বাজেট অনুমোদন হয়েছে ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার। ফলে বাজেট কমতি থাকবে চাহিদার ২২ কোটি ৭০ লক্ষ টাকা।
ইউজিসির বরাদ্দের সাথে গবেষণার বরাদ্দ সংযুক্ত থাকায় ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার টাকার বাজেটে আলাদা করে গবেষণায় কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটের ৬০ দশমিক ৬৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ কোটি ৫২ লক্ষ ৬১ হাজার টাকা বেতন-ভাতা ও পেনশন, পণ্য ও সেবা বাবদ সহায়তা ৩১ দশমিক ৫৪ শতাংশ অর্থাৎ প্রায় ২৬ কোটি ২৭ লক্ষ ৮ হাজার টাকা, অন্যান্য অনুদান খাতে শূন্য দশমিক ৫৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪৪ লক্ষ ১৪ হাজার টাকা এবং সাত দশমিক ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬ কোটি ৬ লক্ষ ১০ হাজার টাকা মূলধন অনুদান খাতে বরাদ্দ রাখা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘২০০৭-২০০৮ অর্থ বছরে বাজেট ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা, সেখান হতে আজকের বাজেট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার টাকা। আশার কথা হলো, ক্রমান্বয়ে সরকারি অনুদান বৃদ্ধি করা গেছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চাহিদা অনুযায়ী সর্বমোট বাজেট বৃদ্ধি পাবে।’
উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বাজেট বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট ব্যয় করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আধুনিকায়ন করার জন্য সার্বিক চাহিদা বিবেচনায় যুগোপযোগী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আগামীতে বাজেট বৃদ্ধি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’



