মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইবির সংবর্ধনা


ইবি প্রতিনিধি: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহা. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
শনিবার(২৭ জুন) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের তৃতীয় তলায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহা. তোজাম্মেল হোসেন বলেন, আমি নতুন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে আমার দায়িত্ব বেড়ে গেছে। এখানে কাজের পরিধি অনেক বেশি, তবে মর্যাদাও রয়েছে। অল্পদিনেই আমি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কিছু কাজ করতে পেরেছি। সকলের দোয়া থাকলে এই বিশ্ববিদ্যালয়ে কে গড়ে তোলার কাজ করতে পারবো। এখানে সরকারেরও সদিচ্ছার দরকার আছে৷ আমার দীর্ঘদিনে অভিজ্ঞতার পুরোটাই আমি এখানে ব্যয় করার চেষ্টা করবো। আমি জানি— আমার সফলতাই এই বিভাগের সফলতা, বিশ্ববিদ্যালয়ের সফলতা। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন যথাযথ ভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।



