কটিয়াদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৩) নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত কটিয়াদী পৌর এলাকার কামারকোনা গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে। তিনি চরিয়াকোনা এলাকায় গাড়ি মাপার স্কেল (ওয়েব্রিজ) ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন রিফাত। চরিয়াকোনা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস পাশ থেকে চাপ দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে রিফাতের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা এখনো অবগত নই। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



