খুলনা

কেএমপি ডিবি’র অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে পরিচালিত বিশেষ অভিযানে কথিত ‘বি কোম্পানি’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) কেএমপি’র খালিশপুরস্থ ডিবি অফিসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কেএমপি’র ডিসি, ডিবি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া উক্ত গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের বিষয় প্রকাশ করেন।

তিনি বলেন, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ তারিখ থেকে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় ডিবির একাধিক দল গত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবরার ফয়সাল (রাফিন), আল-আমিন, তুষার শিকদার, আসিফ ও সাজ্জাদ হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার কথিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদে মহানগরে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হচ্ছে।

কেএমপি বলেছে, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ