স্পেনকে রুখে দিয়েই মিলিয়নিয়ার কেপ ভার্দে গোলরক্ষক


ফুটবল বিশ্বকাপের মঞ্চে একটা ম্যাচ একজনের জীবন কীভাবে বদলে দিতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তার ফলোয়ার ছিল ৫০ হাজারের কম।
কিন্তু স্পেনের বিপক্ষে ৯০ মিনিটের লড়াই শেষে সেই সংখ্যা এক লাফে মিলিয়ন পার হয়ে গেল! মাঠের পারফরম্যান্স দিয়ে অখ্যাত এই গোলরক্ষক এখন পুরো ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্পেনের তারকাখচিত আক্রমণভাগের সামনে ভোজিনহা যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। পুরো ম্যাচে অন্তত সাতটি নিশ্চিত গোল সেভ করে স্প্যানিশ ফরোয়ার্ডদের হতাশায় ডুবিয়েছেন তিনি। তার অসাধারণ পজিশনিং ও উপস্থিত বুদ্ধির সামনে অসহায় ছিলেন স্পেনের অভিজ্ঞ ফুটবলাররা।
এমনকি গোলের খোঁজে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে তরুণ তারকা লামিনে ইয়ামালকে মাঠে নামাতে বাধ্য হয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। ভোজিনহার দেয়াল ভাঙতে পারেননি ইয়ামালও।
ম্যাচটিতে তৈরি হয়েছে দারুণ এক পরিসংখ্যান। ১৮ বছর বয়সী ইয়ামালের সামনে যখন ভোজিনহা দাঁড়িয়েছিলেন, তখন তার বয়স ৪০ বছর ২২ দিন। বিশ্বকাপের ইতিহাসে একই ম্যাচে মুখোমুখি হওয়া দুই খেলোয়াড়ের মধ্যে বয়সের ব্যবধানের দিক থেকে এটি নতুন রেকর্ড।
মজার ব্যাপার হলো, ভোজিনহা বয়সে ইয়ামালের বাবার চেয়েও বড়! ১৯৬৬ সালের পর বিশ্বকাপে ৪০ বা তার বেশি বয়সী কোনো গোলরক্ষকের এমন অবিশ্বাস্য সেভ করার নজির খুব একটা নেই।
ম্যাচজুড়ে ভোজিনহা শুধু গোল বাঁচাননি, বরং দলের প্রয়োজনে পাসিং ও লং বলের ক্ষেত্রেও রেখেছেন মুন্সিয়ানা। শেষ বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। মাঠের ভেতরই হাঁটু গেড়ে বসে অঝোরে কাঁদতে দেখা যায় এই গোলরক্ষককে। সেই কান্নার দৃশ্য ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের হৃদয়।
একজন অখ্যাত গোলরক্ষক থেকে রাতারাতি বিশ্ব ফুটবলের নায়ক বনে যাওয়া ভোজিনহার এই গল্প ফুটবলপ্রেমীদের মনে অনেকদিন গেঁথে থাকবে। তার এই লড়াই ও আবেগ বুঝিয়ে দিল, বয়সের চেয়ে মনের জোর ও পরিশ্রম অনেক বড় কিছু।



