ফুটবল

যুক্তরাষ্ট্রের মাটিতে বাজলো ইরানের জাতীয় সংগীত, উড়লো পতাকা

যুদ্ধের আবহে ইরান যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে পারবে কি না, তা নিয়েই ছিল অনেক বড় শঙ্কা। অবশেষে ভিসা দেয়া হলো, তবে বলা হলো ম্যাচ শেষ করে দিনে দিনেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরানকে। এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাজলো ইরানের জাতীয় সংগীত।

যদিও এটাই নিয়ম। ম্যাচ শুরুর আগে প্রতিযোগী দুই দলের জাতীয় সংগীত তবুও তো বাজলো ইরানের জাতীয় সঙ্গীত, উড়লো ইরানের জাতীয় পতাকা। তেতো হলেও কুইনাইন হজম করার মত- আমেরিকানরা চোখের সামনে দেখলো ইরানের পতাকা উড়ছে পতপত করে। অনিচ্ছা সত্ত্বেও শুনতে হলো যুদ্ধের চরম প্রতিপক্ষ ইরানের জাতীয় সংগীত।

এমন সময় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটি শুরু হয়, যার কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার জন্য একটি প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই ঘোষণা শুনেই মাঠে নামে ইরানের ফুটবলাররা। দুর্দান্ত খেললেও ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড তাদের রুখে দিয়েছে ২-২ গোলে।

যুদ্ধের কারণে বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্কের প্রভাব পড়েছে ইরান ফুটবলেও। খেলোয়াড়রা ভিসা পেলেও সাপোর্ট স্টাফদের একটা অংশ যুক্তরাষ্ট্রে অনুপস্থিত ছিলেন ভিসা না পেয়ে। টিকিট প্রাপ্তি নিয়েও জটিলতায় পড়েন ইরানের সমর্থকরা। বলা চলে অস্বস্তি নিয়েই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে পৌঁছে গত রোববার।

প্রচন্ড অস্বস্তি নিয়ে মাঠে নেমেও ম্যাচ জিতে দেশের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টায় থাকলেও ইরান শেষ পর্যন্ত পারেনি। এর মধ্যে যোগ হয় স্থানীয় সমর্থক দ্বারা ইরান ও তাদের জাতীয় সংগীতকে কটাক্ষ বা বিদ্রুপ করার ঘটনা। ‎স্টেডিয়ামের ভেতরে কিছু দর্শক ইরানের জাতীয় সংগীত চলার সময় সেটিকে হুটিং করে অপমান করেন।

‎খেলার আগে স্টেডিয়ামের বাইরে প্রায় পাঁচ শতাধিক বিক্ষোভকারী জড়ো হন। তারা ইরান সরকারের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড ও পতাকা প্রদর্শন করেন। তাদের বক্তব্য ছিল, এই ম্যাচে অংশ নেওয়া মানে তেহরান সরকারকে সমর্থন করা বোঝায়। তাই তারা ম্যাচে উপস্থিত হতে চাননি এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আগামী ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইরান। সেই ম্যাচটিও হবে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে।

এই বিভাগের আরও সংবাদ