উলিপুরে কিশোর গ্যাং এর তান্ডবে চোখের দৃষ্টি হারাতে বসেছে গৃহবধু


কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোর গ্যাং এর তান্ডবে বাম চোখের দৃষ্টি হারানোর শংকায় এক গৃহবধু। ৫ দিন ধরে রংপুরের দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চিকিৎসার পর গত মঙ্গলবার (২ জুন) ঢাকার রেটিনা গ্লকেমা সেন্টার এন্ড সুপার স্পেশালিষ্ট হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে ওই গৃহবধুকে।
এ ঘটনায় গৃহবধুর স্বজনরা মূল হোতা মোঃ রকেট মিয়া (২০) কে আটক করে পুলিশে সোপর্দ করলে থানা পুলিশ সোমবার (১ জুন) মামলা রেকর্ড করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে, ঈদের পরদিন উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি পশ্চিম ছড়ারপাড় এলাকায়। মুক্তার স্বজনরা জানায়, বখাটে রকেটের হাত থেকে বাঁচাতে একই এলাকার মিজানুর রহমানের সাথে দুই বছর আগে বিয়ে দেয় তার বাবা দিনমজুর মোসলেম উদ্দিন। বর্তমানে মুক্তার ছয় মাসের এক পুত্র সন্তান রয়েছে। অভাবি সংসারের কারণে বিয়ের আগে মুক্তা নানাবাড়ি পৌরসভার নারিকেলবাড়ি পশ্চিম ছড়ার পাড় এলাকায় নানা মৃত: মন্টু মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করত।
ওই সময় নানা বাড়িসংলগ্ন এলাকার মোঃ আব্দুল কাইয়ুম এর পুত্র মোঃ রকেট মিয়া (২০) বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব নিয়ে মুক্তাকে বিরক্ত করতো।
বিরক্ত করার কারনে মুক্তার বাবা বখাটে রকেটের হাত থেকে মেয়েকে বাঁচাতেই দ্রুত নিজ এলাকা উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মিজানুরের সাথে বিয়ে দেন। মুক্তার বিয়ে দেওয়াতে বখাটে রকেট মিয়া আরো বেপরোয়া হয়ে ওঠে। বিয়ের ঠিক এক বছর পরেই বিগত ২০২৫ সালের ঈদে স্বামী মিজানুরকে নিয়ে মুক্তা নানার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিল। ঐদিন পথেই ফঁাসিদাহ বাজারের সন্নিকটে পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা রকেট মিয়া তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে স্বামী মিজানুরের কাছ থেকে মুক্তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
ওই সময় ফাঁসিদাহ বাজারের লোকজন মুক্তাকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়ে সালিশ বৈঠক করে। পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ লিটনের মধ্যস্থতায় সালিশ বৈঠকে রকেট মিয়া ভবিষ্যতে আর মুক্তার উপর কোন আক্রমণ কিংবা বিরক্ত করবে না মর্মে মুচলেকা দিয়ে ঐ দফায় বেঁচে যায়।
মুচলেকা দেয়ার ঠিক এক বছর পরই গত ঈদুল আযহার পরের দিন (২৯ মে) স্বামী মিজানুর ও দেবর মেরাজ উদ্দিনসহ মুক্তা নানার বাড়ি ঈদের দাওয়াত খেতে যায়। ঈদের দাওয়াত খেয়ে রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফেরার পথে নানা বাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রকেট মিয়া তার সহোদর ভাই রফিক মিয়া (২৫) ও শফিক মিয়া (২৩) কে সাথে নিয়ে আরো কয়েকজন মিলে অতর্কিত মুক্তার উপর হামলে পরে। প্রায় ১০-১২ জনের হামলায় মিজানুর রহমান ও মেরাজ উদ্দিন আহত হয়ে রাস্তায় পড়ে গেলে একপর্যায়ে রকেট মিয়া মুক্তার মুখ ক্ষত বিখ্যাত করার উদ্দেশ্যে ছুঁরিকাঘাত করলে মুক্তার বাম চোখে রক্তাত জখম হয়। তাদের আত্মচিৎকারে এলাকাবাসি এসে আহত তিনজনকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
মিজানুর ও মেরাজ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়ার পর মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুড়িগ্রাম অতঃপর রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তার বাম চোখে সাতটি সেলাই দিয়ে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনে চিকিৎসার জন্য পাঠায়।
দীপ আই কেয়ারের চিকিৎসক ধারণা করছেন, মুক্তা হয়তো আর বাম চোখের দৃষ্টি ফিরে পাবে না। তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুক্তার বাবা মাছ বিক্রি করে জীবন চালায়। তিনি রকেট মিয়াসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানিয়েছেন, রকেটের সহযোগী অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।



