শহীদ জিয়া’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল


কুষ্টিয়া প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জুন) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে কোর্ট স্টেশন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর শাহাদাৎ উপলক্ষে এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সার্বিক সঞ্চালনা করেন সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমূখ। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী করতে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে চুরি বাটপারি করেছে। উন্নয়নের নামে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। টানা ১৭ বছর ক্ষমতায় থেকেছে, অথচ এদেশের জনগণ তাদের দুর্নীতির বিরুদ্ধে সমুচিত জবাব দিয়েছে। ছাত্র জনতার গনঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরো বলেন, আমরা নিজেরা যদি অসৎ থাকি, নিজেরা যদি চুরি, বাটপারি, চাঁদাবাজির মধ্যে লিপ্ত থাকি কিংবা মানুষকে ঠকানোর চিন্তা করি, তাহলে কোন দিনই আমরা শহীদ জিয়ার আদর্শে আদর্শবান হতে পারবো না। তাই আমাদের সবাইকে তার সততার আদর্শ অনুসরন করে আগামী দিনে পথ চলতে হবে।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা। তিনি বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বাংলাদেশকে উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে তারই সুযোগ্য সন্তান আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান পিতার দেখানো পথে হাটছেন। দেশের উন্নয়নে দিন রাত পরিশ্রম করে চলেছেন। তাই আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করি, সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।



