মুন্সীগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে কুড়ালের আঘাতে বৃদ্ধ নিহত


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুড়ালের আঘাতে জরিপ শেখ (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জরিপ শেখের সঙ্গে একই এলাকার ইউসুফ শেখ ও তাঁর ছেলে পলাশ শেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইউসুফ শেখ ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জরিপ শেখকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনেরা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, ‘ফাতেমা বেগমকে মারধরের ঘটনায় আমরা কয়েকজন ইউসুফ শেখের বাড়িতে গিয়েছিলাম। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউসুফ শেখ ও তাঁর ছেলে পলাশ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। ইউসুফ শেখের কুড়ালের আঘাতে জরিপ শেখ মারা যান।’
খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর ইউসুফ শেখ ও পলাশ শেখ এলাকা ছেড়ে চলে যান।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, ‘বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



