নওগাঁয় আদালতের চুরি যাওয়া নথি উদ্ধার: গ্রেফতার ৪


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষমাণ একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি ও তা ফেরত দেওয়ার নামে চাঁদা দাবির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও দুই কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। জানা যায়, দায়রা মামলা নং-৯০৪/২০২২ এর রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই মামলার গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে যায়। একই সঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের এক কর্মচারীর কাছে ফোন করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির একটি চৌকস দল মূল অভিযুক্ত এস এম আকাশ (২৬) কে রাজশাহীর বাগমারা ও নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আকাশ তার বাড়ির খড়ের পালা থেকে চুরি হওয়া নথি বের করে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর ও আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং কোর্টের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আকাশ আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করেছে। এ ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না এবং মূল উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



