ক্যাম্পাস

কুবি শিক্ষকের মামলায় আটক এক, গাড়ি জব্দ

বিজয় কুমার, কুবি প্রতিনিধি : কুমিল্লার কোটবাড়ি বিশ্বোরোড এলাকায় কয়েক মাস আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এম এ রাজ্জাক সোহেল সঙ্গে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় করা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে অভিযুক্ত একজনকে আটক করেছে কুমিল্লা দক্ষিণ সদর থানা পুলিশ। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

গতকাল, (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থানাধীন আনসার ক্যাম্প এলাকা থেকে অভিযুক্ত এই ব্যাক্তিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এস আই) টিটু কুমার নাথ।

পুলিশি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে আটক করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়।এছাড়া, ঘটনাটি সাথে জড়িত বাকী আসামীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষক এম এ রাজ্জাক সোহেল বলেন, “ঘটনার এতদিন পর একজন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, গত ৪ মার্চ ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। অভিযোগ রয়েছে, এ সময় তাকে হত্যাচেষ্টার পাশাপাশি তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরদিন ৫ মার্চ ভুক্তভোগী শিক্ষক সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ