কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর চোখ বেঁধে স্বর্ণ ও টাকা লুট: দেবরসহ গ্রেপ্তার ২


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনের বেলায় এক প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে মারধর ও লুটের ঘটনায় ভুক্তভোগীর আপন দেবরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে লুট হওয়া ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বনগ্রামের মিজান ও পার্শ্ববর্তী দড়িপাড়া গ্রামের ইমন। এদের মধ্যে মিজান ভুক্তভোগী নারীর স্বামীর ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার সন্তানদের স্কুলে পাঠিয়ে ঘরে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা শিউলির মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে পালায়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মিজানকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চালের বস্তায় লুকিয়ে রাখা সব স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়। এই চক্রের অপর সদস্য ইমনকেও গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



