বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ ইনজেকশন উদ্ধার


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এলাকার অন্যতম শীর্ষ মাদক কারবারি কাউসার (২২) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকজাতীয় ইনজেকশন ও এমপোল উদ্ধার করা হয়।
বুধবার (২০মে) বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে পাচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউসার উপজেলার তেতুলিয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় কাউসারের কাছ থেকে বিভিন্ন ধরনের নেশাজাতীয় ৩৫০ পিস ইনজেকশন এবং ১৫টি মাদক ইনজেকশন এমপোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সীমান্তবর্তী হিলি এলাকা থেকে মাদক সংগ্রহ করে আত্রাইসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। ঘটনার দিনও সে হিলি থেকে এসব মাদক নিয়ে আসে বলে জানিয়েছে।
পুলিশ আরও জানায়,কাউসার দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইতোমধ্যে আটটি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে বিশেষ অভিযানে তাকে আটক করতে সক্ষম হওয়ায় স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।



