নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান: গ্রেফতার ৩


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় অনলাইন জুয়া, ভুয়া নারী পরিচয় ব্যবহার করে প্রতারণা এবং অবৈধ ই-মানি লেনদেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্টসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় বিপুল পরিমাণ অনলাইন জুয়া পরিচালনার সরঞ্জাম জব্দ করা হয়।
জানা গেছে, সোমবার (১৮মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি টিম নওগাঁ সদর থানার শিমুলিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে একটি টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। বাড়িটির মালিক শামসুল ইসলাম অন্যত্র বসবাস করলেও তার ছেলে তানশেন (২৮) ওই ঘর ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন হৃদয় চন্দ্র (২৭) ও আল আমিন (৩৪) নামের আরও দুইজনকে আটক করা হয়। স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তে জানা যায়, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে হয়েও মেয়ের পরিচয় ব্যবহার করে তরুণদের সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক তৈরি করতো। পরে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন Melbet, 7000bet, QQ, EE.COM ও Mostbet-এর এজেন্ট হিসেবে কাজ করতো। একই সঙ্গে অবৈধ ই-মানি ট্রানজেকশনের মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে গত এক মাসে প্রায় দেড় লাখ টাকার লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ২টি ডেস্কটপ কম্পিউটার, ২টি সিপিইউ, ২টি কিবোর্ড, ২টি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার, ৩টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, অনলাইন জুয়া ও ভুয়া নারী পরিচয়ের আড়ালে গড়ে ওঠা এসব প্রতারণা চক্র সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণদের টার্গেট করে সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক ক্ষতি ও অপরাধ প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
পুলিশ জানিয়েছে, অনলাইনভিত্তিক জুয়া, সাইবার প্রতারণা ও ভুয়া পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



