ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন, নয়া সভাপতি পাপন ও সম্পাদক হাসান


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য বাণিজ্যিক কেন্দ্র ‘ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শহিদুল ইসলাম পাপন এবং সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে আনুমানিক বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, সকল সদস্যের উপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার সম্পাদক রনি মিয়া এবং ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এনামুল হক শুভ। উল্লেখ্য, সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসানুর রহমান বলেন, এই বিজয় আমাদের সকল ব্যবসায়ী ভাইয়ের বিজয়। আমাদের লক্ষ্য ভালুকা পাতাল মার্কেটকে ময়মনসিংহের আধুনিক ও নিরাপদ মোবাইল এবং ইলেকট্রনিক্স হাব হিসেবে আরও সুসংগঠিত করা।
নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম পাপন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এই কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে বাজারের উন্নয়নে কাজ করে যাব।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সমিতির বিদায়ী কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ব্যবসায়ীরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



