কুষ্টিয়া

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছে। গত ২০২৪সালে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা গ্রেফতার হয়েছে।

গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনির নেতৃত্বে এস আই আলহাজ আলী সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী সানোয়ার মোল্লা কুষ্টিয়া ইবি থানাধীন দূর্বাচারা এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে ও উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইউসুফ শেখ হত্যা মামলার ০৫ নাম্বার এজাহার নামীয় পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ওই মামলা সহ একাধিক মামলায় সে দীর্ঘ দিন পলাতক ছিলো বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্যে বেলা সাড়ে তিনটার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে এজাহারনামীয় আসামিরা তাঁকে দেখে ধাওয়া করেন। এরপর আসামিরা তাঁকে গুলি করেন। অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে নিহত ইউসুফ শেখের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলায় মোট ৭৫ জনকে এজাহারনামীয় আসামী করেন। পাশাপাশি অজ্ঞাতনামা হিসেবে ২০ থেকে ৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত সানোয়ার হোসেন মোল্লা ০৫ নাম্বার এজাহারনামীর আসামী।

এছাড়া আরও জানা যায়, সানোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়া ইবি থানা ও কুষ্টিয়া মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, ভাংচুর লুটপাট সহ একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই রকিব উদ্দিন জনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউসুফ হত্যা মামলার ০৫নং এজাহারনামীয় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ