নওগাঁ

নওগাঁ জেলা ছাত্রদলের বিক্ষোভ: নবগঠিত কমিটি বাতিল ও পুনর্বিবেচনার দাবি

নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবগঠিত জেলা কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঘোষিত কমিটিকে একতরফা ও বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ত্যাগী ও যোগ্য ছাত্রনেতাদের উপেক্ষা করে ‘পকেট কমিটি’, ‘মাইনাস ফর্মুলা’ এবং ঠিকাদার নির্ভর কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী। তারা আরও বলেন, এ ধরনের বিতর্কিত কমিটি সংগঠনের কার্যক্রমকে দুর্বল করে দেবে এবং তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা সৃষ্টি করবে।

বক্তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের এ দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ