শেরপুরে অনলাইন জুয়াড়ি গ্রেফতার


আরফান আলী, শেরপুর: শেরপুরে অনলাইন জুয়া ও মোবাইল ব্যাংকিংভিত্তিক জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৪ মে) রাতে পৌর শহরের মোবারকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. এরশাদ আলী (৩২)। তিনি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল পৌর শহরের মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজার এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আলীকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া পরিচালনা করে আসছিলেন।
এছাড়া, শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপস সংবলিত একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।



