কুষ্টিয়া

কুষ্টিয়া পৌরসভায় ইমারত নির্মান বিধিমালা বিষয়ক মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় ইমারত নির্মাণ বিধিমালা” বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌরসভার আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক উপসচিব আহমেদ মাহবুব-উল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, স্থপতি, ঠিকাদার এবং সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এছাড়া পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ইমারত নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান বিধিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত নির্মাণ কার্যক্রমের ফলে সৃষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা করেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর গড়ে তুলতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা দেখি, নিয়মকানুন উপেক্ষা করে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। তিনি বলেন, নগর ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল নাগরিকের জন্য সমানভাবে আইন প্রয়োগ করা না হলে এই বিধিমালা কার্যকর হবে না। দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে, যাতে তারা নিজেরাও নিয়ম মেনে চলতে উৎসাহিত হয়।

এছাড়া পৌর প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, পৌরসভা ইতোমধ্যে নির্মাণ কাজের অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। তিনি আরো বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি বিধিমালা অমান্য করে ভবন নির্মাণ করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে, সাধারণ জনগণের মধ্যে বিধিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নির্মাণ কাজের নিয়মিত তদারকি এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই নগরায়নের জন্য ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। তারা ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ, পর্যাপ্ত খোলা স্থান রাখা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও সংবাদ