শেরপুর

শেরপুরে পাচারকালে ৮৩৫ লিটার তেল জব্দ, লাখ টাকা জরিমানা

আরফান আলী, শেরপুর: শেরপুর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় পাচারকৃত ৮৩৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকার নির্ধারিত দামে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মোট ৯৬ হাজার ২৫ টাকা মূল্যে বিক্রি করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণকে অপ্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুত, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।

জনস্বার্থ রক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ