শ্রীবরদীতে বিলের পাড় থেকে পরিত্যক্ত ১৪ কেজি গাঁজা উদ্ধার


আরফান আলী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিলের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কুড়িকাহনীয়া নামাপাড়া গ্রামের একটি বিলের পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামবাসীরা বিলের পানিতে গোসল করতে গেলে পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আনাস উদ্দিনের নেতৃত্বে পুলিশ বস্তাটি তল্লাশি করে ভেতরে থাকা ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে এসআই আনাস উদ্দিন বলেন, “৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিত্যক্ত বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করি।”
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



