কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে সনদপত্র-বৃত্তি ও গাছের চারা বিতরণ


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামে কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম-উল হাসান অপু প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সভাপতি রুহুল আমিন ও সার্বিক সঞ্চালনা করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। এতে উপস্থাপনা করেন এ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।
এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, একটা জাতি সু-শিক্ষা ছাড়া সে জাতি এগোতে পারে না। শিক্ষিত লোক কোনদিন ঘুষ খেতে পারে না, দেশের ক্ষতি করতে পারে না। দেশে দুর্নীতিতে ভরে গেছে এর পরিবর্তন আনতে হবে। তোমরা ভালো করে লেখাপড়া করবে, সৎ, যোগ্য হিসেবে নিজেকে তৈরি করবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমানে ছেলে মেয়েরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে, এতে জাতির একটা বিশাল অংশ ধ্বংস হয়ে যাচ্ছে। এব্যাপারে আমাদের অভিভাবকদের সতর্ক থাকতে হবে, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে খোজ নিতে হবে। সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, একদিন সু-নাম অর্জন করবে।
তিনি আরো বলেন, আয়োজকরা গাছের চারা বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছে এটা সত্যিই প্রসংশনীয়। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ ছাড়া আমরা বাচতে পারবো না। তাই বাড়ির আঙিনায় গাছ রোপণ করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গাছ লাগানোর জন্য জোরালো ভূমিকা রেখেছেন। এছাড়া প্রধানমন্ত্রী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। এব্যাপারে শিক্ষামন্ত্রী কাজ শুরু করেছেন। সে লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে কুষ্টিয়াবাসীর জন্য যা করনীয় সে ব্যাপারে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তি প্রদানের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়।



