মাগুরায় খাদ্য প্রক্রিয়াজাত করণের ভিডিও সোস্যাল মিডিয়ায়, গুজব বললেন ব্যবসায়ী


মতিন রহমান, মাগুরা: মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজারে দীপ্ত সাহা (৫০) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি মেয়াদউত্তীর্ণ আটা তার নিজস্ব মেশিনে প্রক্রিয়াজাত করে পুনরায় মানুষের খাদ্য হিসেবে বিক্রি করে আসছেন। কে বা কারা আটা প্রক্রিয়াজাতকরণের ভিডিও করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এতে তোলপাড় শুরু হয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
এঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন এসব করেছে একটি কুচক্রী মহল। দীপ্ত সাহা মূলত এই বাজারের একজন পুরাতন ব্যবসায়ী। তিনি মানুষের খাদ্য বিক্রি করেন না। পশুখাদ্য বিক্রি করে থাকেন এজন্য আটা সহ অন্যান্য পশুখাদ্য তিনি বাজারে এনে বিক্রি করেন। তার উপর যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ব্যবসায়ীরা।
শত্রুজিৎপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, চাতাল সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, ক্রেতা বিবেক রঞ্জন মিত্র, স্বপন ঠাকুর সহ অন্যরা জানায়, দীপ্ত সাহা দীর্ঘ দিন ধরে বাজারে গরুর খাবার, হাঁস, মুরগির খাবার, মাছের খাবার সহ পশুখাদ্য বিক্রি করে থাকেন। মানুষে খায় এমন খাদ্য তিনি বিক্রি করেন না। কে বা কারা একটি ভিডিও করে ছড়িয়ে দিয়েছে।
এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটা বস্তা থেকে নামিয়ে তা মেশিনে প্রক্রিয়াজাত করা হচ্ছে। শ্রমিকেরা আটা প্রক্রিয়াজাত করতে মিল ঘরে কাজ করছেন।
এবিষয়ে দীপ্ত সাহা বলেন, তিনি পশুখাদ্য, মাছের খাদ্য বিক্রি করেন। যা বাজারে তার মিলঘরে আটা নিয়ে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। ওই আটা মাছের খাদ্য হিসেবে বিক্রি করা হয় বলে জানান তিনি। মাছের ঘের, পুকুর সহ জলাশয়ে মাছের ব্যবসায়ী খুচরা ও পাইকারি দরে তারা কিনে নিয়ে যায়। তিনি কখনও মানুষের খাদ্য হিসেবে এগুলো বিক্রি করেন না বলেও দাবি করেন ব্যবসায়ী দীপ্ত সাহা।
এই এঘটনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাজার ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেন। প্রাথমিক তদন্তে তারা জানতে পারেন যে, আটা প্রক্রিয়াজাত করে মাছের খাদ্য হিসেবে বিক্রি করা হয়। পুলিশের একজন এসআই জানান, সবাইকে ঢেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে এবং এই ধরনের কাজ যাতে উনি না করেন এইমর্মে একটি লিখিত নেওয়া হয়েছে। যদিও দাবি করা হচ্ছে দীপ্ত সাহা এসকল খাদ্য মানুষের খাওয়ার জন্য তিনি বিক্রি করেন না।



