মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরার মহম্মদপুর উপজেলার ৩নং দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন মীম ব্রিকস নামে এক অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ওই ইটভাটার মালিক স্থানীয় নাগড়া গ্রামে আঃ আউয়ালের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন।
রবিবার (২৯ মার্চ) বিকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ইটভাটা এলাকায় কয়েক হাজার মানুষ।
এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, ইটভাটার জমির মালিক এনামুল খায়রুল শিকদার, দীঘা ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ বুলবুল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কষ্টসাধ্য হচ্ছে। কৃষি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া স্থানীয়রা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
তারা আরও জানান, ইটভাটার জমির ওপর দিয়ে ফসল নেওয়াকে কেন্দ্র করে খায়রুল নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে জোরপূর্বক জমি দখল, মাটি কাটা এবং ফসলি জমিতে পুকুর খননের মতো কর্মকাণ্ডে জড়িত।
বক্তারা দ্রুত ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দেন এলাকাবাসী।



