ক্যাম্পাস

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি বিএনসিসি ও রোভার স্কাউটের প্রশংসনীয় ভূমিকা

হিমেল রানা,নোবিপ্রবি প্রতিনিধি:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের কার্যক্রমে শৃঙ্খলা ও সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা।

এ ইউনিট, বি ইউনিট ও ও ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছিল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি। এ সময় শিক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন নোবিপ্রবি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা।

পরীক্ষার দিনগুলোতে সকাল থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন তারা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করেন তারা।

এ ছাড়া অসুস্থ বা অসুবিধায় পড়া শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়। বিভিন্ন স্থানে মেডিকেল সাপোর্ট টিম প্রস্তুত ছিল, যারা দ্রুত প্রয়োজনীয় সেবা প্রদান করে।

ট্রাফিক ব্যবস্থাপনাতেও ছিল তাদের উল্লেখযোগ্য ভূমিকা। ক্যাম্পাসের ভেতর ও আশপাশের সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের এই আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এমন সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও ভর্তি কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে।

এই বিভাগের আরও সংবাদ