ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৮ মার্চ) শাহবাজ শরিফ এক্সে এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে ইরানের প্রেসিডেন্টকে ভাই সম্বোধন করে শাহবাজ শরীফ জানান, তার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা হয়েছে।
তিনি জানান, ‘আমি ইরানের ওপর অব্যাহত ইসরায়েলি হামলার, বিশেষ করে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছি এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেছি। আবারও প্রাণহানির এই মর্মান্তিক ঘটনার জন্য সমবেদনা জানিয়েছি এবং আহত ও বাস্তুচ্যুতদের দ্রুত সুস্থতা কামনা করেছি।’
এছাড়াও, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করার জন্য ইরানকে ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী।
পোস্টে পাক প্রধানমন্ত্রী আরও জানান, ‘আমি তাকে পাকিস্তানের চলমান কূটনৈতিক তৎপরতা সম্পর্কে অবহিত করেছি—যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রসহ ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় ও ইসলামী দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা—যাতে সংলাপ সহজতর করা যায় এবং উত্তেজনা হ্রাস পায়।’
এদিকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য দুইদিনের জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি, তুর্কি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: আল জাজিরা।



