নোবিপ্রবির সাত কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী


হিমেল রানা, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় সাতটি কেন্দ্রে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অংশ নেবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বুধবার (২৫ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম ও কনফারেন্স রুমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আওতায় সি ইউনিটে ২ হাজার ৪৩৮ জন, বি ইউনিটে ৩ হাজার ৬৪৪ জন এবং এ ইউনিটে ১০ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এ ইউনিটের পরীক্ষা নোবিপ্রবিসহ জেলার সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: নোবিপ্রবি ক্যাম্পাস, নোয়াখালী সরকারি কলেজ (নতুন ক্যাম্পাস), নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ (চৌরাস্তা), নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
মতবিনিময় সভায় উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা ঘিরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে চৌমুহনী ও সোনাপুর এলাকায় যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় রোধ, আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ও বহিরাগত কেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার করা হবে এবং সাধারণের প্রবেশাধিকার সীমিত থাকবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও ভিজিল্যান্স টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং বিএনসিসি, রোভার স্কাউটসহ শিক্ষার্থীরা সহায়ক টিম হিসেবে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ সি ইউনিট, ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।



