কুষ্টিয়া

আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রজন্মের সেতু বন্ধনে ৬০ বছর বর্ষপূর্তি উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিময় স্কুল প্রাঙ্গনে আরও একবার মেতে উঠি প্রাণের উৎসবে প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদের ২য় দিন সকাল ৯টার দিকে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

প্রজন্মের মধ্যে সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে।


অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন খেলার আয়োজন করা হয় এবং পরে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

এদিকে আলোচনা সভায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, অতীতের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।

এসময় প্রধান অতিথি জাকির হোসেন সরকার বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার প্রসারে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যে কোন কাজ করতে গেলে বাধা আসবেই, তবে সকলে এক সঙ্গে কাজ করলে সফলতা আসবে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের কাঠামো উন্নয়নে যারা প্রাক্তন শিক্ষার্থী আপনারা ভূমিকা রাখলে উন্নয়ন করতে পারবেন। লেখাপড়ার মানোন্নয়নে প্রয়োজনে কমিটির সাথে কথা বলতে হবে। তবে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। সন্ধ্যার আগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে, যা ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ