ক্যাম্পাস

ঈদের ছুটিতে ক্যাম্পাসের অভুক্ত প্রাণীদের পাশে নোবিপ্রবি ছাত্রদল

হিমেল রানা, নোবিপ্রবি প্রতিনিধি: চলছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। আবাসিক হল বন্ধ থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস এখন প্রায় জনমানবশূন্য। নীরব এই ক্যাম্পাসে খাবারের সংকটে পড়েছে কুকুর-বিড়ালসহ অবলা প্রাণীগুলো।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এসব প্রাণী সাধারণত শিক্ষার্থী ও ক্যাম্পাসবাসীর ওপর নির্ভর করে খাবারের জন্য। কিন্তু ঈদের ছুটিতে সবকিছু বন্ধ থাকায় তাদের স্বাভাবিক খাদ্যসংস্থান বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘদিন না খেয়ে অনেক প্রাণীই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে নোবিপ্রবি ছাত্রদল। ক্যাম্পাসের প্রাণীগুলোর করুণ অবস্থা দেখে তাদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাফিন ইকবাল দিহান। জানা যায়, ছাত্রদল সভাপতি জাহিদ হাসানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাফিন ইকবাল দিহান বলেন, “ঈদের ছুটিতে প্রতি বছরই ক্যাম্পাসের প্রাণীগুলো খাবারের সংকটে পড়ে। তাদের এই কষ্ট না দেখলে বোঝা যায় না। তাই নিজের দায়বদ্ধতা থেকে চেষ্টা করছি নিয়মিত খাবারের ব্যবস্থা করতে, যেন অন্তত এই সময়টায় তারা কিছুটা স্বস্তিতে থাকতে পারে।”

নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন, “ক্যাম্পাস শুধু শিক্ষার্থীদের নয়, এখানে বসবাসকারী প্রাণীগুলোরও একটি আশ্রয়স্থল। ঈদের ছুটিতে যখন সবাই বাড়িতে থাকে, তখন এই প্রাণীগুলোর দায়িত্ব আমাদেরই নিতে হবে। ছাত্রদল সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

ঈদের আনন্দ যখন সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন সেই আনন্দের অংশীদার করতে অবলা প্রাণীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ