ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ৩ এতিমখানায় ১২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টের আওতায় তিনটি এতিমখানার সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য ১২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যাপিটেশন প্রাপ্ত এতিমখানাগুলোর ১০৫ জন এতিম ছাত্রের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সৈয়দ ভাকর ডা. শেখ আব্দুল হেলিম এতিমখানার ২৮ জন, কাছিমপুর হোসাইনিয়া এতিমখানার ২২ জন এবং ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার ৫৫ জন ছাত্র। প্রতিটি শিশুর জন্য মাসে ২ হাজার টাকা হিসেবে বছরে মোট ২৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

চেক হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ​”সুবিধাবঞ্চিত এতিম শিশুদের শিক্ষা ও সুরক্ষার মূলধারায় সম্পৃক্ত করতেই সরকার এই অনুদান দিচ্ছে। প্রতিটি পয়সা যেন প্রকৃত এতিমদের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য হলো, এই শিশুরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া জানান, কাইলকান্দা দারুসসালাম এতিমখানার আরও ১৬ জন এতিমের জন্য বরাদ্দকৃত চেক পরবর্তী সময়ে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সহসভাপতি শফিউল্লাহ সুমন এবং সংশ্লিষ্ট এতিমখানাগুলোর প্রতিনিধি ও তত্ত্বাবধায়কগণ।

এই বিভাগের আরও সংবাদ