ক্যাম্পাস
ইবি শিক্ষিকা রুনা খুন, খুনির আত্মহত্যা চেষ্টা


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহননের চেষ্টারত অবস্থায় দেখতে পান বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
বুধবার (০৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কর্তব্যরত চিকিৎসকরা পরে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।



